Site icon নড়াইল জিলাইভ | truth alone triumphs

নড়াইলে চুরির অপবাদ দেয়ায় নারীকে হত্যা, যুবক গ্রেপ্তার

সদর উপজেলার বিছালী গ্রামে হাঁস চুরির অপবাদ দেয়ায় আমেনা বেগম নামে এক নারীকে হত্যা ঘটনায় আসিফ মোল্যা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নড়াইল সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসিফ মোল্যা সদর উপজেলার বিছালী গ্রামের বাবর আলী মোল্যার ছেলে।

 

নড়াইলে চুরির অপবাদ দেয়ায় নারীকে হত্যা, যুবক গ্রেপ্তার

 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আসিফকে তার নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে, গত ৪ আগস্ট নড়াইল সদর উপজেলার বিছালী গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ আগস্ট নড়াইল সদর উপজেলার বিছালী গ্রামের মনির হোসেন মোল্যার স্ত্রী আমেনা বেগম নিজ বাড়িতে হত্যাকান্ডের শিকার হয়।

 

 

এ ঘটনায় ১২ আগস্ট সদর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের স্বামী মনির মোল্যা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে আসিফ মোল্যা নামে এক যুবককে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসিফ মোল্যা পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, মৃত আমেনা বেগম সম্পর্কে তার গ্রাম্য দাদি হয়। আমেনার পরিবারের সাথে তাদের পরিবারের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। এনিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। তার পরেও আমেনা তাদের বাড়িতে যাওয়া আসা করতো। আমেনা গত ২৮ জুলাই আসিফের বাড়িতে গিয়ে তার মায়ের নামে আজেবাজে কথা বলেন ও গালিগালাজ করেন।

পরে গত ২ আগস্ট আমেনার হাঁস চুরি হলে আসিফকে চোরের অপবাদ দেয়। এ ঘটনায় তার মা তাকে মারধর করে। এতে করে তার প্রচন্ড রাগ হয়। এ সব কারণে আসিফ গত ৪ আগস্ট রাতে আমেনার বাড়িতে যায়। পরে সুযোগ বুঝে আসিফ পেছন থেকে তার সাথে থাকা গামছা দিয়ে আমেনার গলায় পেঁচিয়ে ধরে।

এরপর পরনের শাড়ি দিয়ে গলায় আবার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে আসিফ আমেনার ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে চলে যায়। আসিফের কাছ থেকে আমেনার ব্যবহৃত মুঠোফোনটি উদ্ধার করেছে পুলিশ। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে আসামি আসিফ মোল্যাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Exit mobile version